কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সহজে ও ডিজিটালি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর এনআরবি অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এএফ গ্লোবাল পেমেন্ট টেকনোলজিস ইএনসি. (জুবের পে)-এর সাথে এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
গত আগস্ট ১৩, ২০২৬ তারিখে ঢাকায় এমটিবি-এর কর্পোরেট হেড অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, জুবের পে এমটিবি-এর অনুমোদিত এজেন্ট হিসেবে বিদেশে অবস্থানরত যোগ্য প্রবাসী বাংলাদেশী গ্রাহকদের ডিজিটাল অনবোর্ডিং ও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় সহায়তা করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, মোঃ শাফকাত হোসেন এবং জুবের পে-এর চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ও সিইও, কাওসার জামাল।
স্বাক্ষর অনুষ্ঠানে জুবের পে-এর পক্ষ থেকে মোহাম্মদ জাভেদ হোসেন ও শিশির সরকার এবং এমটিবি-এর পক্ষ থেকে এনআরবি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান, মোঃ মারুফুল ইসলাম, কার্ড ডিভিশনের প্রধান মোঃ আবু বকর সিদ্দিক এবং রিটেইল বিজনেসের প্রধান, তাহসিন শহীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।