অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বিতা ও স্বাধীন চলাফেরার প্রতীক হিসেবে সাদা ছড়ির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন, সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর সঙ্গে যৌথ উদ্যোগে ‘বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৬’ পালন করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’। এর মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, মর্যাদা ও সমাজে অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এই আয়োজনের মূল আকর্ষণ ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ‘ডিজিটাল অডিও অ্যাসিস্টেড মোবাইল ডিভাইস’ এবং ব্যাকপ্যাক বিতরণ। এরপর দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার, সমাজে তাঁদের অন্তর্ভুক্তি, প্রবেশগম্যতা এবং দৈনন্দিন জীবনের প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি গঠনমূলক আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিশেষ এই অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সামিয়া চৌধুরী এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর নির্বাহী পরিচালক, খন্দকার জহুরুল আলম উপস্থিত ছিলেন।