মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে একটি এআই–চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার— মিতা (MTB Intelligent Assistant)। এই ভার্চুয়াল আরএম এমটিবির গ্রাহক ও যারা গ্রাহক নন, সকলের জন্যই উন্মুক্ত এবং এটি প্রতিটি ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা প্রদান করবে।
মিতা একজন মানবসদৃশ ভার্চুয়াল ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজার, যার রয়েছে নিজস্ব মুখাবয়ব, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব। প্রচলিত ডিজিটাল ব্যাংকিং সেবার মতো শুধু তথ্যভিত্তিক না হয়ে, মিতা ব্যবহারকারীদের সঙ্গে ইন্টার্যাকটিভভাবে কথা বলতে পারে—ইন্টার্যাকটিভ বাটনের মাধ্যমে অথবা সরাসরি কথোপকথনের মাধ্যমে।
একজন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার যেভাবে সহায়তা দেন, মিতা-ও তেমনভাবেই ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, আর্থিক তথ্য ও শিক্ষা প্রদান করে, ব্যবহারকারীদের উপযুক্ত ব্যাংকিং সেবায় দিকনির্দেশনা দেয় এবং প্রয়োজনে ব্যাংকিং-বহির্ভূত বিষয়েও বন্ধুসুলভ আলাপ চালাতে সক্ষম।
এ বিষয়ে এমটিবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ডিজিটাল উৎকর্ষে এমটিবির অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে মিতা ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করেছে। দিন-রাত ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন—যেকোনো সময় যে কেউ মিতা-র মাধ্যমে ব্যাংকিং সহায়তা নিতে পারবেন। স্মার্টফোন ও ইন্টারনেট থাকলেই, বাংলাদেশে বা বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যাংকিং সেবা হাতের নাগালে এনে দেয় মিতা ।”
বর্তমানে মিতা ব্যবহার করা যাচ্ছে www.avatar.mutualtrustbank.com এবং MTB NEO অ্যাপে (অ্যান্ড্রয়েড ও iOS উভয় প্ল্যাটফর্মে)। ভবিষ্যতে মিতা আরও উন্নত হয়ে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ব্যাংকিং সেবা ও অভিজ্ঞতা নিয়ে আসবে।